
অবশেষে দেড় মাসের দুগ্ধপোষ্য সন্তানসহ কারামুক্ত হলেন যুব মহিলা লীগ নেত্রী মোসা. শিল্পী বেগম। আজ বুধবার দুপুর ১২টার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে তিনি জামিনে মুক্তি পান।
কারাফটক থেকে বের হওয়ার সময় শিল্পী বেগমের কোলে ছিল তাঁর দেড় মাস বয়সী কন্যাসন্তান কাইফা ইসলাম। কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের জেলার শিরিন আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
রাজধানীর তেজগাঁও থানায় দায়ের করা একটি বিস্ফোরক আইনের মামলায় শিল্পী বেগমকে গ্রেপ্তার করা হয়েছিল। তবে কোলের শিশুকে নিয়ে কারাগারে যাওয়ার বিষয়টি গণমাধ্যমে আসার পর দেশজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
গতকাল মঙ্গলবার রাতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক মোস্তাফিজুর রহমান মানবিক দিক বিবেচনা করে শিল্পী বেগমের জামিন মঞ্জুর করেন। আদালত থেকে জামিনের আদেশ কারাগারে পৌঁছানোর পর আজ দুপুরে তিনি ছাড়া পান।
আজ সকাল থেকেই শিল্পী বেগম ও তাঁর সন্তানকে স্বাগত জানাতে কারাফটকের সামনে জড়ো হন তাঁর পরিবার ও রাজনৈতিক সহকর্মীরা। তিনি বের হয়ে এলে সহকর্মীরা তাঁকে বরণ করে নেন। তেজগাঁও এলাকার শ্রমিক লীগ নেতা আলমগীর হোসেন বলেন:
"শিল্পী আপার সঙ্গে যে অন্যায় হয়েছিল, তা গণমাধ্যমে প্রচার হওয়ার পর আদালত মানবিক দিক বিবেচনা করে জামিন দিয়েছেন। আমরা আদালতের প্রতি কৃতজ্ঞ এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল।"
কারাগার থেকে মুক্তি পাওয়ার পর শিল্পী বেগম অভিযোগ করেন, তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন। তিনি গণমাধ্যমকে বলেন, "আমাকে পুলিশ ধরতে চায়নি, বিএনপির লোকজন আমাকে ধরিয়ে দিয়েছে। আমি আওয়ামী লীগ করি, কিন্তু আমার কোনো পদ-পদবি নেই। আদালত আমাকে মুক্তি দিয়েছেন, এজন্য আমি আইনের প্রতি কৃতজ্ঞ।"
উল্লেখ্য, গত সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তেজগাঁও থানার রেলওয়ে কলোনি এলাকার নিজ বাসা থেকে শিল্পী বেগমকে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার রাতে দেড় মাসের শিশুসন্তানসহ তাঁকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। কোলের শিশুসহ মায়ের কারাবাসের ছবি ও খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়।
কথা২৪/নিউজ ডেস্ক
মন্তব্য করুন
সকল মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।